বীথি, আমি ও দুজনের জীবনানন্দ–ইভান অনিরুদ্ধ

২২শে অক্টোবর, ১৯৫৪ সাল। কোলকাতার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে কবি জীবনানন্দ দাশ মারা যাওয়ার সত্তুর বছর পর কার্তিকের এই সকালে সোনালী রোদের আতরের ঘ্রাণ গায়ে মাখতে মাখতে আমার মনে হলো- আমিই যেন সেই জীবনানন্দ দাশ! সত্তুর বছর পর জীবনানন্দ ফিরে এসেছেন, মিলু ফিরে এসেছেন আমার ভেতর! মিলু ছিল তাঁর আদুরে ডাকনাম। আর যার জন্য আমার এতো হাহাকার, মায়ার টান সেই বীথি তাহলে কে? সে বুঝি সেই শোভনা! হয়তো তাই, নয়তো অন্যকিছু। জীবনানন্দ দাশের জীবনে শোভনা ফিরে আসেনি ঠিকই কিন্তু আমার জীবনে সেই শোভনা যেন বীথি হয়ে ফিরে এসেছে! শোভনার জন্য কতই না হাহাকার ছিলো জীবনানন্দের! আহা, এই লোকটার জন্য আমার খুব মায়া হয়! জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি যেন শৈল্পিক পরাজয়ের এক সুউচ্চ মনুমেন্ট! তাঁর এক লেখার ভেতর দিয়ে বলে গেছেন- জীবনটাকে নেড়েচেড়ে দেখলাম, সংসারে যারা সফল হবে তাদের জাত আলাদা- ভালবাসার চেয়ে সফলতাকেই তারা ভালবাসে বেশি। আমার ঠিক উল্টো- প্রেম, দাক্ষিণ্য, মমতার, ঘরানা গন্ধেই তৃপ্তি! আহা, কী উপলব্ধি! হৃদয় বিদীর্ণ করে দেওয়া কী এক কথা!

আচ্ছা, কেন আমার এমন মনে হচ্ছে? কেন নিজেকে জীবনানন্দের আরেকটা সত্ত্বা মনে হচ্ছে? কারণ আছে। তবে সেই কারণকে কোনোকিছু দিয়ে ব্যাখ্যা করা যায় না। ঢাকা শহর ছেড়ে গ্রামের বাড়ী এলেই এমন মনে হয় আর বাড়ি থেকে ঢাকায় ফিরে বীথির সামনে গেলেই, তার সাথে কোনো আলো-অন্ধকারে মুখোমুখি বসলেই মনে হয়- সত্যিই আমি জীবনানন্দ দাশ! তিনি যে জীবন যাপন করে গেছেন কবিতায়, কবিতার বাইরে সেই জীবন যেন আমার! তিনি যা লিখে গেছেন নির্জনতায় বসে, তা আমার কথা! এগুলো আমার লেখার কথা ছিলো, এসব কথা বীথিকে নিয়ে আমার লেখার কথা! আরেকটা কারণও আছে– বীথি পাগলের মতো জীবনানন্দকে ভালোবাসে! আমিও তো তাই। এক কথায় জীবনানন্দকে নিয়ে আমার আর তার বোঝাপড়াটা দারুণ প্রেমময়, আবেগময়, হাহাকারময়! যেমনটা আমার আর বীথির ভেতর ছড়িয়ে আছে পুরো হৃদয় জুড়ে! আমাদের সকাল শুরু হয় মেসেঞ্জারের ইনবক্সে জীবনানন্দের প্রেমের-বিরহের কবিতার লাইন দিয়ে আর রাতে ঘুমাতে যাওয়ার আগমুহূর্তে ইনবক্সে দেওয়া হয় আবার জীবনানন্দকে নিয়ে। এর বাইরে সারাদিনের মাঝের সময়টাতে কাজের ফাঁকে ফাঁকে চলে আমাদের দুজনের জীবনানন্দীয় প্রেম! যেন সব কথা- প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয়, খুনসুটি, মান-অভিমান, যাপিত জীবনের আনন্দ-বেদনার সবটুকু আর নিজেদের জমাট কষ্টের অনুবাদ- এরকম যা কিছু, তার সবই জীবনানন্দের কবিতার ভেতর দিয়েই আমরা প্রকাশ করি, আদান-প্রদান করি, ভাব বিনিময় করি! বীথি, আমি আর জীবনানন্দ যেন এক সুতোয় বাঁধা। আমাদের দুজনকে একটা বন্ধনহীন গ্রন্থিতে বেঁধেছে এই জীবনানন্দ দাশ!

আজ সকাল থেকেই মন-মেজাজ তিরিক্ষি হয়ে গেছে। কোনো কারণ ছাড়াই। জানি, মাঝে মাঝে আমার যেমন হয়, এরকম অন্য সবারও হয়। কিন্তু আজকে আমার জন্মদিন। এরকম একটা বিশেষ দিনে কোনো কারণ ছাড়াই মন কেন যে বিগড়ে গেলো বুঝতে পারছি না। এর কারণ কি বীথি? তাও জানি না। অথচ দুই দিন আগেও তো তার সাথে ফোনে এক ঘন্টার উপর কথা হয়েছে। এখন, এই সকালে অফিস যাওয়ার পথে উত্তরা জমজম টাওয়ারের সামনের ট্রাফিক সিগন্যালে এগারো মিনিট ধরে আটকে আছি রিকশায়। নিজের উপর থেকে রাগ, চুলার উপর থাকা ফুটন্ত ভাতের পাতিল থেকে মাড় যেমন উপচে পড়ে, তেমনি উপচে ঢাকা শহরের রাস্তার উপর পড়ছে! জলের ধর্ম যেমন গড়িয়ে যাওয়া, মনে হচ্ছে রাগের ধর্মও তাই! এই চরিত্রহীন ঢাকা শহরে এবারের শীত মনে হচ্ছে পুরোপুরিভাবে তার সতীত্ব রক্ষা করে থাকতে পেরেছে! মানুষ চরিত্রহীন হয়, তাই বলে একটা রাজধানী শহরও হয়! হয় বৈকি! আমরা নিজেদেরকে চরিত্রহীন করে এই শহরকেও চরিত্রহীন করেছি। সঙ্গদোষে কেবল মানুষই নষ্ট হয় না, শহরও নষ্ট হয়! আর প্রকৃতির সাথে আমাদের সীমাহীন লাম্পট্য দেখে এই শহরও লম্পট হয়েছে। সে সুযোগ পেলেই গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত আর শীতের সতীত্ব হরণ করে! শ্লীলতাহানি করে!

ঢাকার এই চরিত্রহীনতার কারণে এই নগরে এখন পুরোপুরি শীত আসে না, বর্ষাও আসে না। তবুও এবার শীতকাল এসেছে নির্ভয়ে, বুক চিতিয়ে। সে তার মতো করে দিনে-রাতে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পেরেছে। এটা ব্যতিক্রম ঘটনা। আ”ছা, এই শহরটা কেন এমন হল? কার অভিশাপে? এইদেশে রাজনৈতিক দলগুলো যেমন দেশের আপামর মানুষকে চরিত্রহীন বানিয়েছে তাদের কর্মকান্ডের দ্বারা, তেমনি তারা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে দেশের ঋতুগুলোরও শ্লীলতাহানি ঘটিয়েছে দিনের পর দিন! তবে গ্রামে এখনো ঋতুগুলো নিরাপদ আছে। কী শীতে, কী বর্ষায়, কী হেমন্তে, কী গ্রীষ্মে- নিজেদের সৌন্দর্য, নিজেদের রূপ-যৌবন, রূপ-লাবণ্য নিয়ে তারা শঙ্কায় ভোগে না। কারণ তারা জানে গ্রাম এখনো এই ঢাকা শহরের মত চরিত্রহীন আর লম্পট হয়ে যায়নি। গ্রামের চরিত্র এবং বিবেক এখনো আছে। নইলে এই অভিশপ্ত দেশ, এই অভিশপ্ত নগর, এই অভিশপ্ত নারকীয় নাগরিক জীবন টিকতো না। কেয়ামত নাজেলের আগেই ধ্বংস হয়ে যেত!

অফিসের কাছাকাছি আসতেই রাগ কমে এসেছে। কেননা রাগ মাথায় নিয়ে অফিসে ঢোকা ঠিক হবে না। তাই রাগ পুরোপুরি ঝেড়ে ফেলে সিঁড়ি ভেঙ্গে অফিসে ঢুকতেই হঠাৎ বীথির ফোন। রিসিভ করতেই কড়া গলায় বললো,  “হিমাদ্রি, বিশ মিনিটের ভেতর তোমার অফিসে আসছি। তুমি নিচে নামো। ভেরি আর্জেন্ট।”  এই বলে খ্যাট করে লাইন কেটে দিয়েছে। মোবাইল এ্যাপে অফিস-হাজিরা দিয়ে কিছুক্ষণ পর নিচে নেমে এলাম। এসে দেখি গেস্টরুমে বীথি বসে আছে। সকাল দশটা বাজে। জানুয়ারীর শীতার্ত সকাল। বীথির গায়ে খয়েরী রঙের কাশ্মিরী শাল। তার সাথে ম্যাচিং করে পরেছে খয়েরি টিপ। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। তাকে এক নজর দেখেই একটা অন্যরকম অনুভূতি হল। দারুণ দেখতে লাগছে। জীবনানন্দের কবিতার মতো, যা রবীন্দ্রনাথ পড়ে মন্তব্য করেছিলেন- চিত্ররূপময়! এবং তার কবিতা পড়ে এও বলেছিলেন, তাকিয়ে দেখার আনন্দ আছে। বীথির দিকে তাকিয়ে আমারও অবিকল তাই মনে হল। আসলেই জীবনানন্দের কবিতার মতো তার দিকে তাকিয়ে দেখার আনন্দ আছে! আমি হাসিমুখে বললাম, “হঠাৎ তুমি! তা কী মনে করে?”  বীথি কপট রাগে বললো,  “মনে হচ্ছে বিরক্ত হচ্ছো আমাকে দেখে! আজ না তোমার বার্থ ডে! উইশ করতে চলে এলাম এই সাতসকালে। তোমাকে নিয়ে দিয়াবাড়ি ঘুরতে যাবো সারাদিনের জন্য। কোথাও বসবো, ঘুরবো, খাওয়াদাওয়া করবো, তারপর সন্ধ্যায় ঘরে ফিরবো! আমি কিছুটা থতমত খেয়ে বললাম, তাই নাকি? তা আমার অফিস ওয়ার্ক?”  জাহান্নামে যাক তোমার তোমার অফিস ওয়ার্ক- এই বলে সে আমাকে হাত ধরে টেনে গেস্টরুম থেকে বের করে সোজা একটা রিকশায় চেপে বসলো। রিকশাওয়ালাকে নির্দেশ দিল ডাইনে-বাঁয়ে না তাকিয়ে সোজা দিয়াবাড়ি নিয়ে চলো আমাদের!

.....সম্পূর্ণ লেখাটি পড়তে আজই অর্ডার করে ফেলুন নক্ষত্রের হার্ডকপি বই অথবা ইবুক। ক্লিক করুন: Buy Now

Comments

Popular posts from this blog

জলশব্দ– অরিন্দম চট্টোপাধ্যায়

দেবতা– প্রীতম কর্মকার