সন্ধ্যেবেলার গান–সুশোভন দাশগুপ্ত
সত্তরের দশকের জামশেদপুরের শীত আমি এখনও কাটিয়ে উঠতে পারিনি। ভোরে জানালার কাচ ঝাপসা হয়ে থাকে। কুয়াশা কি না জানি না। আবহাওয়ার খবর দেখে নয়, কাচ দেখেই বুঝি। দূরে ট্রেনের হুইসেল শোনা যায়। এই শব্দ আমার চেনা। এত বছর এখানে কাটিয়েছি যে ট্রেন গেলে আর আলাদা করে তাকাতে হয় না। শব্দটা কানে এলেই বুঝি, একটা ট্রেন চলে গেল। তারপর বাইরে ধীরে ধীরে লোকজন বেরোতে শুরু করে। চায়ের দোকানে আগুন জ্বলে ওঠে। স্কুলবাসের হর্ন বাজে। দু-একটা বাইক এমন শব্দ করে ছুটে যায়, যেন রাস্তাটা ওদের পৈতৃক সম্পত্তি। টাটা কারখানার দিকে লোকজন যেতে থাকে। আমি জানালার পাশে বসে থাকি। আমার ঘরটা খুব বড় নয়। একশো চল্লিশ স্কোয়্যার ফুট হবে, তার বেশি নয়। একটা লোহার খাট, ছোট টেবিল, প্লাস্টিকের চেয়ার। টেবিলের ওপর ওষুধ, রক্তচাপ মাপার যন্ত্র আর মোবাইল। মোবাইলটা পুরোনো, তবু এখনও চলে। আমিও তো পুরোনো, তবু টেনে টুনে চালিয়ে নিচ্ছি। দেওয়ালে তিনটে ছবি। আমার স্ত্রীর। চার ছেলে-মেয়ের। আর একটা পারিবারিক ছবি। ওই ছবিটা মাঝে মাঝে নামিয়ে দেখি। তখন একটু অবাক লাগে। এত মানুষ নিয়ে যে বাড়িটা চলত, এখন সেখানে আমার থাকার জায়গাটুকুও নেই। না...